রাবির ‘ডি’ ও ‘জে’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ) এবং ‘জে’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা ইনস্টিটিউট) ফল প্রকাশিত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd)ফল প্রকাশ করা হয়।
‘ডি’ ইউনিটের ৪৭০ টি আসনের বিপরীতে ব্যবসায় শিক্ষা থেকে ৯২৩ জন ও অ-ব্যবসায় শিক্ষা থেকে ২০০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নিয়মানুযায়ী বিষয় পছন্দের ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং বিষয় পছন্দের ফরম সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্র সাক্ষাৎকারের আনতে হবে।
‘জে’ ইউনিটের ৫০টি আসনের বিপরীতে বাণিজ্য গ্রুপ থেকে প্রথম ৮৬ জন ও অবাণিজ্য গ্রুপ থেকে প্রথম ১০৬ জনকে সাক্ষাৎাকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১৯ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

রাবি সংবাদদাতা