পরীক্ষার হল থেকে বের হওয়ামাত্র শিবির নেতা আটক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে থেকে রুয়েট ছাত্রলীগের সহায়তায় তাঁকে আটক করা হয়।
আটক শিবির নেতার নাম নাসির উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ করে হল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নাসিরকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি রুয়েট শাখা শিবিরের সভাপতি বলে স্বীকার করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান তপু বলেন, ‘নাশকতা করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা নাসির উদ্দিনকে আটক করি। তিনি শিবিরের সভাপতি জানতে পেরে আমরা তাঁকে পুলিশে সোপর্দ করি।’
মতিহার থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহাবুব হোসেন জানান, রুয়েট ছাত্রশিবিরের সভাপতিকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাবি সংবাদদাতা