ঢাবির ‘প্রভাতফেরী’র পাল্টাপাল্টি কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ‘প্রভাতফেরীর’ পাল্টাপাল্টি কমিটি দেওয়া হয়েছে।
প্রভাতফেরীর একটি প্যাডে সংগঠনটির সাবেক সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মুনসুর হেলাল স্বাক্ষরিত একটি কমিটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরেক প্যাডে সংগঠনটির পৃষ্ঠপোষক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও প্রধান উপদেষ্টা ছাত্রলীগ নেতা শাহরিয়ার কবির বিদ্যুতের আরেকটি কমিটির কথা উল্লেখ রয়েছে।
কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জানের দাবি, তাঁদের কমিটি গঠনতন্ত্র মেনেই নতুন কমিটির অনুমোদন দিয়েছে।
তবে এ বিষয়ে কিছুই জানেন না সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে সভাপতি হিসেবে ছাত্রলীগ নেত্রী বি এম লিপি আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে নাঈম মাহমুদকে নিয়ে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি দেওয়া হয়।
এদিকে, গত বৃহস্পতিবার সংগঠনটির পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি হিসেবে শামীম মীর মালত ও সাধারণ সম্পাদক হিসেবে রবিউল রবিকে নিয়ে ৩৩ সদস্যের কমিটি দেওয়া হয়। যদিও এ কমিটিতে পৃষ্ঠপোষক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের স্বাক্ষর নেই।
এমন পাল্টাপাল্টি কমিটিকে সংগঠনটির মধ্যকার দ্বন্দ্ব হিসেবে উল্লেখ করেছেন সংগঠনটির অন্য সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির এক সদস্য বলেন, ‘আমাদের এই কমিটিতে অধিকাংশ নেতারা অছাত্র। তা ছাড়া অনেকেই বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা। তাঁদের দলাদলির কারণে এমন অবস্থা।’
জানা যায়, সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অথচ ওই কমিটিতে নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে দাবি করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি শাহরিয়ার আলম বিদ্যুৎ। এ বিষয়ে জানতে শাহরিয়ার আলম বিদ্যুতের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সংগঠনটির নেতাদের নিয়ে সাধারণ সভার মাধ্যমে দায়িত্ব দেওয়া হয় বি এম লিপি আক্তার ও নাঈম মাহমুদকে। দুজনই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
অন্যদিকে, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অনুমোদিত কমিটির ক্ষেত্রে গঠনতন্ত্রের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কমিটি সাধারণ সম্পাদক রবিউল রবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
এ বিষয়ে কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘সংগঠনের মধ্যে নানা সমস্যা আছে। যে কারণে আমি সংগঠন থেকে অব্যাহতি নিতে চেয়েছিলাম। আমার সাধারণ সম্পাদক আগেই অব্যাহতি নিয়েছেন। আর আমরা কমিটির এক সাধারণ সভায় নতুন কমিটি দিয়েছি।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি জানি বি এম লিপি নতুন সভাপতি হয়েছেন। কিন্তু আমার নাম ব্যবহার করে কে বা কারা কী করেছে আমি জানি না। আমি এখন খোঁজ নিচ্ছি।’

মামুন তুষার