কুবি শিক্ষক সমিতির নির্বাচনে সব পদে নীল দলের জয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সবগুলো পদে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের ‘নীল দল’ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মু. আমিনুল ইসলাম আকন্দ।
নির্বাচনে সহসভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, কার্যকরী সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের ড. সজল চন্দ্র মজুমদার, অর্থনীতি বিভাগের ড. স্বপন চন্দ্র মজুমদার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের হুমায়ুন কাইসার, আইসিটি বিভাগের মো. মেহেদী হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে একক প্রার্থী হিসেবে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, প্রচার ও প্রকাশনা পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া এবং সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ নির্বাচিত হন।

কুবি সংবাদদাতা