ঢাবিতে যৌন নির্যাতনবিরোধী র্যালি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারীর প্রতি যৌন হয়রানি, নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে র্যালিটি সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবধিকার দিবস-২০১৫’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস বিভাগ এবং বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং মহিলা পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
র্যালিপূর্ব সমাবেশে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সব নারীকে ঐক্যবদ্ধভাবে সহিংসতার বিরুদ্ধে কাজ করতে হবে। সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হলে কোনো মানুষ তাদের অধিকার ফিরিয়ে দেবে না।
মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, ‘আমাদের দেশে যখন নারী নির্যাতের ঘটনা ঘটে তখন অর্থনৈতিক থেকে শুরু করে সব অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নারী মানবসন্তান, তাই তাঁরও মানবধিকার রয়েছে। এ চিন্তাধারাকে কাজে লাগিয়ে সব নারীকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা