জাবির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলের মুক্তির দাবিতে টানা তিনদিন কর্মবিরতি পালনের পর আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
অফিসার সমিতির সভাপতি আবদুস সালাম মো. শরীফ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। বাবুলের মুক্তির দাবিতে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।
অফিসার সমিতির সভাপতি আবদুস সালাম মো. শরীফ জানান, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি, কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের নেতারা একটি যৌথ সভা করেন। বাবুলের জামিনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন আদালতে বাবুলের জামিন শুনানির দিন ধার্য রয়েছে বলেও জানান তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বেশির ভাগ বিভাগেই অপেক্ষাকৃত কম সংখ্যক ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শনিবার থেকে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিলে আবারও সচল হয়ে উঠবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
গত সোমবার সন্ধ্যায় নাশকতার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে আবদুর রহমান বাবুলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে নিয়মবহির্ভূতভাবে বাবুলকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কেননা, ক্যাম্পাস থেকে কাউকে গ্রেপ্তার বা আটক করতে গেলে তার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে বাবুলকে গ্রেপ্তারের আগে পুলিশ কোনো ধরনের অনুমতি নেয়নি বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে পুলিশের দাবি, বাবুলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নয়, বরং প্রান্তিক গেটের নিকটবর্তী যাত্রীছাউনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে একটি সিএনজিচালিত অটোরিকশা পোড়ানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জাবি সংবাদদাতা