রুয়েটে আইসিসিই-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথম বারের মতো আন্তর্জাতিক কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (আইসিসিই) সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় অডিটরিয়ামে দুইদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ড. মো. রফিকুল আলম বেগ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ বলেন, ‘তথ্যপ্রযুক্তি আজ পুরো বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করেছে। এই বৈশ্বিক গ্রামে টিকে থাকতে হলে এবং সামনের সারিতে যেতে হলে নতুন প্রজন্মকে অবশ্যই তথ্যপ্রযুক্তিগত শিক্ষায় ও গবেষণায় মনোনিবেশ করতে হবে এবং কাঙ্ক্ষিত মানের দক্ষতা অর্জন করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অর্নিবাণ মুখোপধ্যায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষক) প্রকৌশলী মো. ইনামুল কবীর এবং রুয়েটের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মো. শহীদ উদজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল। স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
রুয়েটের সিইসি বিভাগ আয়োজিত দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন। শুক্রবার সারাদিন বিভিন্ন টেকনিক্যাল সেশন এবং সন্ধ্যায় এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাবি সংবাদদাতা