‘সরকার জঙ্গিবাদ নিয়ে তালবাহানা করছে’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ সাত বিশিষ্টজনকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা প্রগতিশীল ছাত্র জোট।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে এর প্রতিবাদে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী বিচারহীনতার সংস্কৃতির যে চর্চা করছে তা বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর হত্যাযজ্ঞকে আরো উৎসাহিত করছে। তারই ধারাবাহিকতায় আজ রাবি উপাচার্য হুমকির শিকার হয়েছেন। সরকার জঙ্গিবাদ নিয়ে এক ধরনের তালবাহানা করছে। ফলে সারা দেশে মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।’
কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হুমকির বিষয়ে বক্তারা বলেন, কিছুদিন আগে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। এর কয়েকদিন পরই আনসার আল ইসলাম নামের জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে তাঁকে আবারও চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হলো। দেশের বিশিষ্ট এ কথাসাহিত্যিককে এভাবে হত্যার হুমকি জাতির জন্য মঙ্গলজনক নয়।
সমাবেশে বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে দেশের প্রগতিশীল শিক্ষক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের বিভিন্ন মৌলবাদী জঙ্গিগোষ্ঠী নানাভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে তাঁদের জীবনের নিরাপত্তা নেই। দেশে এসব মুক্তমনা মানুষকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে জাতির ভবিষ্যৎও হুমকির মুখে পড়বে।
সমাবেশে আরো বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন, ছাত্রফ্রন্টের সহসভাপতি তাসনুভা তাহরীম অন্তরা, ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ শেখ প্রমুখ।
গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভিসির দপ্তরে ডাকযোগে একটি চিঠি আসে। চিঠির ভেতরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্যাডে রাবির ভিসিসহ রাজশাহীর আট বিশিষ্টজনকে হত্যার হুমকি দেওয়া হয়।

রাবি সংবাদদাতা