জাবিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিশ্ববিদ্যালয়ে সারাদিন নানা কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে আজ বুধবার সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, মহিলা ক্লাব ও বিভিন্ন হলের পক্ষ থেকে প্রাধ্যক্ষরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আহ্বায়ক কমিটির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শরীফ এনামুল কবির। ওই সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপ-উপাচার্য মো. আবুল হোসেন এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
পরে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় দিবস চ্যান্সেলর কাপ ফুটবল এবং উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়। চ্যান্সেলর কাপ ফুটবলে মীর মশাররফ হোসেন হল ৩-১ গোলে আ ফ ম কামালউদ্দিন হলকে এবং উপাচার্য কাপ হ্যান্ডবলে বেগম খালেদা জিয়া হল ৯-২ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল- বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, জার্নাল, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী; ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
বিজয় দিবস উপলক্ষে প্রশাসনিক ভবন, হল ও বিভিন্ন গেইটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে। আবাসিক হলগুলোতে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।

জাবি সংবাদদাতা