রবি-সোম জাবিতে ‘হিম উৎসব’
সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী রোববার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘হিম উৎসব’।
উৎসবের প্রতিপাদ্য ‘হিম উচ্ছ্বাসের এই নগরে, প্রাণে প্রাণ মেলাবই’। ‘পরম্পরায় আমরা’ ব্যানারে শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী এবং এ উৎসবের আয়োজকদের একজন শাওন কৈরী এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
উৎসবের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে রোববার ও সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী।
এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টায় পরিবহন চত্বরে কবিতা পাঠের আসর ও রাত ৮টায় বাউল গানের আসর। পরদিন সোমবার বিকেল ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে পুতুলনাচ এবং বিকেল ৫টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি : মহীনের ঘোড়াগুলি’।

জাবি সংবাদদাতা