বরেন্দ্র গবেষণা জাদুঘরে ভারতের ৭৪ লাখ টাকা অনুদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নে প্রায় ৭৪ লাখ টাকা অনুদান দিয়েছে ভারতীয় হাইকমিশন। জাদুঘরে সম্প্রসারিত ভবনের তৃতীয় তলা নির্মাণে এ টাকা ব্যয় করা হবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন এ তথ্য জানান।
অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন জানান, ‘প্রায় ৭৪ লাখ টাকার এই অনুদানে জাদুঘরে সম্প্রসারিত ভবনের তৃতীয় তলা নির্মাণ করা হবে। ফলে সেখানে জাদুঘর গ্রন্থাগারের বিরল সংগ্রহ শাখাসহ প্রাচীন পাণ্ডুলিপি শাখার স্থান সংকুলান করা যাবে।’
গত বৃহস্পতিবার জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদ, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন, জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক সুলতান আহমদ, জাদুঘর পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান, অধ্যাপক এম এ বারী, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আফসার আলী প্রমুখ।

রাবি সংবাদদাতা