পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে ঢাকা কলেজে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা কলেজের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে একদিন পরপর পরীক্ষা নেওয়ার মতো অযৌক্তিক সময়সূচি তৈরি করেছে। কোনো বিষয়ের প্রস্তুতির জন্য একদিন সময় যথেষ্ট নয়। এর আগে কখনো এমন সময়সূচি করা হয়নি বলে তাঁরা জানান।
শিক্ষার্থীরা জানান, ২০১৩-১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় দুই পরীক্ষার মাঝে যেখানে তিন থেকে ছয়দিন বন্ধ রাখা হয়েছে, একই বিষয়ে এবার বন্ধ দেওয়া হয়েছে একদিন। আগামী মার্চে অনুষ্ঠিতব্য তৃতীয় বর্ষের পরীক্ষায়ও দুই পরীক্ষার মাঝে প্রস্তুতির জন্য বন্ধ দেওয়া হয়েছে কমপক্ষে তিন থেকে সাতদিন। এমনকি হিন্দুদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে সরকারি ছুটির দিন ১৩ ফেব্রুয়ারিও পরীক্ষা রাখা হয়েছে বিতর্কিত এ সময়সূচিতে।
সেশনজট থেকে বাঁচানোর নামে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া এ সময়সূচি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীদের কোনো আপত্তি নেই। তবে ভালোভাবে প্রস্তুতির জন্য প্রতি দুই বিষয়ের মাঝে বিষয়ভেদে কমপক্ষে তিন থেকে পাঁচদিন সময় দিয়ে নতুন সময়সূচি প্রণয়নের অনুরোধ জানান তাঁরা।


অনলাইন ডেস্ক