নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা, ঢাকার রামপুরায় শিশু হত্যাসহ দেশব্যাপী চলমান নারী-শিশু নির্যাতন, নির্বাচন-পরবর্তী অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরী সদস্য ফাবলিহা জাহান। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অন্ধকার যুগের সঙ্গে তুলনা করে বলেন, দিনের আলোতেই নারী ও শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। নরসিংদী ও রামপুরার ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার। সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান তার বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে মায়ের কোলে শিশু কিংবা বাবার কাছে কন্যাও নিরাপদ নয়। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। নির্বাচন-পরবর্তী সময়ে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার ফলেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, বারবার ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে নামতে হওয়া একটি স্বাধীন দেশের জন্য গ্লানিকর। তিনি অভিযোগ করেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ এবং নৈতিক শিক্ষার অভাবই ধর্ষণ বৃদ্ধির প্রধান কারণ।
মাজহারুল ইসলাম আরও বলেন, দলমত নির্বিশেষে সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনমনে ক্ষোভ আরও বাড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নরসিংদী ও রামপুরার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়