দাদি-নাতনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে বাড়ি থেকে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে জেলা প্রেসক্লাবের সামনে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা গত শনিবার মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারকৃত মূল হোতা শরিফের ফাঁসি কার্যকর করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ত মূল হোতা শরিফুল ইসলাম শরিফের ফাঁসির দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।
নিহত দাদি-নাতিন হলেন, ঈশ্বরদী ভবানিপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)।

এ বি এম ফজলুর রহমান, পাবনা