প্রবাসীকে হত্যা : ৭ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম নগরীর আমিরবাগ এলাকায় ২০০৭ সালে মো. রফিক নামে এক প্রবাসীকে হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আটজনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ), হোসেন (প্রকাশ মো. হোসেন), জামাল, জসিম ও মিল্টন সরদার। অন্যদিকে, খালাসপ্রাপ্তরা হলেন—মো. হুমায়ুন কবির, পনু ব্যাপারী, আবু তাহের, মনির হোসেন, মো. ডালিম মল্লিক, কবির বেপারী, কামাল সিকদার, সাহাব উদ্দিন ও মঈন উদ্দিন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ হাসেম বলেন, সাক্ষ্য-প্রমাণে প্রবাসী মো. রফিককে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মোহাম্মদ হাসেম আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায়, অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ) ও হোসেন (প্রকাশ মো. হোসেন) আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে জামাল, জসিম ও মিল্টন সরদার আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী মো. রফিক ২০০৭ সালের ১৬ জুলাই দেশে আসেন। ১৪ আগস্ট রাতে তিনি নগরীর কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। পরে রাত ৯টার দিকে পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। এর কিছু সময় পর তিনি নিখোঁজ হন। রাত সাড়ে ১০টার দিকে সহকর্মীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে, নগরীর আমিরবাগ এলাকায় ফেলে যায়।
এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় নিহতের ভাই জাকির হোসেন লুলু হত্যা মামলা করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)