হজযাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে : বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এবার হজ যাত্রীরা যেভাবে হজে যাচ্ছেন বিগত ২০ বছরের মধ্যে এতো ভালোভাবে তারা হজে যেতে পারেননি। এবার আমরা বিমান ভাড়া ১২ হাজার টাকা কমিয়েছি এবং আমরা আশা করছি আগামী দিনে আরও প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা কমাতে পারবো।
শনিবার (২ মে) জামালপুরে আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, যেহেতু হাজীরা তারা তাদের সর্বস্ব দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর দরবারে হজ করতে যান তাই আগামীবার থেকে এটা আরও সহজ হবে। আমরা ইতোমধ্যে সৌদি আরব সরকারের সঙ্গে কথা বলেছি, আগে যে নুসুক কার্ড, আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকতে হতো সেগুলি আর করতে হবে না। এই কার্ডগুলো আমরা বাংলাদেশ থেকেই দিচ্ছি, তাদের ভিসা এবং ইমিগ্রেশন আমরা বাংলাদেশ থেকেই করে দিচ্ছি, যাতে করে সেখানে হাজীদের এক মুহূর্তও অপেক্ষা করতে না হয়। হাজীরা যাতে বিমান থেকে নেমেই সরাসরি গন্তব্যস্থলে গিয়ে তাদের হজ কার্যক্রম সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।
বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং লাগেজ কাটা বন্ধ হয়েছে। আপনারা এই সমস্ত খবর আর পাবেন না। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালার বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করতে যাচ্ছি। আমরা ইতোমধ্যে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। আরও কিছু উড়োজাহাজ আসবে। আমরা মনে করি বাংলাদেশ বিমানের মর্যাদা সামনে আরও বাড়বে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে জামালপুরে-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ অনান্যরা বক্তব্য দেন।
উদ্বোধনী ম্যাচে মেলান্দহ ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে মাদারগঞ্জ ফুটবল দল বিজয়ী হয়।

আসমাউল আসিফ, জামালপুর