সরকারি সিদ্ধান্তে কমল হজযাত্রীদের বিমান ভাড়া
আগামী ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া চলতি বছর থেকে কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা জানিয়ে তিনি আরও বলেন, বেসরকারি প্যাকেজ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের ১ লাখ ৫৪ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এদিকে মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়ায় এবং খাবার ও সার্ভিস চার্জ সৌদি সরকার বহন করায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল এবং হজ ১৫ মে অনুষ্ঠিত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক