লন্ডনে নাজেহাল সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আমলের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমকে পেয়ে লন্ডনে নাজেহাল করেছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু।
বুধবার (২৯ জুলাই) পশ্চিম লন্ডনের এলপোট লান্ড এলাকায় আনান সেন্টারে রেস্টুরেন্টে বসে খাওয়ার পাশাপাশি আড্ডা দিচ্ছিলেন সাবেক এই মন্ত্রী। এ সময় ছাত্রদল নেতার নেতৃত্বে ১০-১২ জন ওই হোটেলে উপস্থিত হন। পরে তাকে খুনি, দুর্নীতিবাজ বলে সম্বোধন করলে শ ম রেজাউল করিম অসহায়ের মতো তাকিয়ে থাকেন। পরে ক্ষুব্ধ যুবকদের তোপের মুখ থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় পুলিশ।
রেস্টুরেন্টে এ সময় শ ম রেজাইল করিম বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। দেশে গুম-খুন করেছেন, ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, শতশত ছাত্র-জনতাকে হত্যা করেছেন, দুর্নীতি করে লন্ডনে পালিয়েছেন, উত্তর দিন- এমন প্রশ্নবানে জর্জরিত হন তিনি। তবে, শ ম রেজাউল করিম কোন উত্তর না দিয়ে বসে থাকেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলামের। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে পশ্চিম লন্ডনের আনান সেন্টারের রেষ্টুরেন্টে যাই। ফ্যাসিস্টের দোসর দেশ থেকে টাকা লুটপাট করে লন্ডনে পালিয়েছে। তাকে শেখ হাসিনার সাথে থেকে গুম, হত্যা, এনসিপি, বিএনপিসহ সাধারণ জনগণকে হত্যার বিষয়ে প্রশ্ন করলে সে কোনো উত্তর দিতে পারেনি। পরে কতিপয় লোকের সহায়তায় পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, কিছুদিন আগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদকে পেয়েছি। তাকে ধরার পর সেও পালিয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারত হয়ে লন্ডনে পালিয়ে যান সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার ছোট ভাই গ্রেপ্তার হন এবং তার ও পরিবারের দুর্নীতির বিরুদ্ধে আইনি বিভিন্ন প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক