সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্তাধীন থাকায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৮ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি জানিয়েছেন।
রিয়াজ হোসেন বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (বিশেষ অনু. ও তদন্ত-৩) এ কে এম মর্তুজা আলী সাগর এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি নাদিরা মাহমুদের বিরুদ্ধে অসাধু উপায়ে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নাদিরা মাহমুদের আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র জব্দের অনুমতি চাওয়া হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট নথি জব্দের আদেশ দেন।
২০২৫ সালের ৮ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়।

আদালত প্রতিবেদক