যাত্রাবাড়ীর হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদকে (৭০) গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, আজ নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালতের আদেশে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া গোবিন্দপুর বাজার সংলগ্ন আন্ডারপাস সেতুর নিচে গুলিতে নিহত হন জুবাইদ ইসলাম। ওই মামলার তদন্তে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাতে রংপুর নগরের জুম্মাপাড়া এলাকা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

আদালত প্রতিবেদক