মির্জা ফখরুলের ভোট দেওয়ার সময় সংসদে করতালি
রাষ্ট্রপতি পদে নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেওয়ার সময় সংসদে দলীয় সদস্যরা তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানান। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।
এর আগে সংসদ সদস্য হিসেবে শেষবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে আসেন মির্জা ফখরুল ইসলাম। এসময় জাতীয় সংসদে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।
নির্বাচনের ফলাফল প্রায় নিশ্চিত। একথা বলাই যায়, ক্ষমতাসীন দল বিএনপির ভোটার বেশি হওয়া দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
আজ বেলা ২টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। কেবল জাতীয় সংসদের সদস্যরা এই ভোট দিতে পারবেন। সে অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের সদস্য হিসেবে আজই শেষ দিন। আজ ভোট প্রদানের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে বিদায় নেবেন তিনি।
আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন তিনি ভারপ্রাপ্ত স্পিকারের কাছে শপথ গ্রহণ করবেন। এর পর থেকেই সংসদে রাষ্ট্রপতির জন্যে বরাদ্দ আসন বা গ্যালারিতে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এইদিকে আজ দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে সংসদ সদস্য, মন্ত্রী এবং দলীয় পদ থেকে পদত্যাগ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক