প্রেমের ফাঁদে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
ফরিদপুরের ভাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে ফসলি মাঠে ডেকে নিয়ে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদ ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের ফসলি মাঠে সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নাহিদের বাড়ি কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করে বলেন, তাকে চার যুবক নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম ফসলের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এ সময় সঙ্গে থাকা এক জোড়া স্বর্ণের দুল এবং নগদ সাড়ে তিন হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বুধবার (১ এপ্রিল) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ঘটনার বিষয় জানতে পারি। ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এক তরুণীকে আটকে রেখেছে। পরে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। ভাঙ্গা থানায় এ ঘটনায় মামলা করেছে ওই তরুণী।
ওসি আরও বলেন, ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাহিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

সঞ্জিব দাস, ফরিদপুর