বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান গাজী ও জয়নাল আবেদিন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা শহরের ঝুমুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থেকে একটি প্রাইভেটকারের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় গাড়িটির গতিপথ রোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আদনান আরিফ রিফাত বলেন, গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে তারা লক্ষ্মীপুর হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর