শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের এক শিশুকে ধর্ষণের মামলায় রিগান হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিগান হোসেন সদর উপজেলার তেরোঘরিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১০ মার্চ শোলমারি গ্রামের রহিদুল ইসলামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে পার্শ্ববর্তী তেরোঘরিয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলার সময় রিগান হোসেন তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি দোকানঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের ফলে শিশুটি অচেতন হয়ে পড়লে রিগান পালিয়ে যায়। পরে রিগানের মা ছকিনা খাতুন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নানাবাড়িতে রেখে আসেন। জ্ঞান ফেরার পর শিশুটি পরিবারের কাছে ঘটনার বর্ণনা দেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়েছিল।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। বিচার চলাকালে আসামি নিজের দোষ স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য ও ইব্রাহিম শাহীন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর