জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। জাতীয় পরিষেবার ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
ওসি বলেন, গতকাল মঙ্গলবার জাতীয় পরিষেবার ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর আমরা ঘটনাস্থল থেকে ওই নারী শিক্ষার্থীকে উদ্ধার করি। এরপর জাবির চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন। পরে তিনি বাদী হয়ে মামলা করলে আমরা তা গ্রহণ করি। প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।
জাবির ওই নারী শিক্ষক বলেন, সাবেক ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পরে তা ভেঙে যায়। ভুক্তভোগীর অভিযোগ মঙ্গলবার ওই ছাত্র তার হলের সামনে গিয়ে অশোভন আচরণ করে। একপর্যায়ে ব্যক্তিগত কথা বলতে ব্ল্যাকমেল করে তাকে বাসায় নিয়ে যায়। এরপর তার মুখ টেপ দিয়ে আটকে মারধর এবং হাতে গরম পানি ঢেলে দেয়। এরপর কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে ওই ছাত্র চলে যায়। তখন ৯৯৯-এ কল দিয়ে জানালেন পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

জাবি সংবাদদাতা