ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
ঢাকায় ইফতার আয়োজনে যোগ দিতে গিয়ে আটক পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ আলম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আজ মঙ্গলবার (১০ মার্চ) শাহ আলমের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব তথ্যটি নিশ্চিত করে বলেন, সকালে আদেশের পরে কারাগারে রিলিজের (মুক্তি) আদেশ পাঠানো হয়েছে। এরপরে কারাকর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছেন।
এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা মুক্তির আদেশ দেন। এদিন আদালতে পুলিশ শাহ আলমের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই তদন্ত প্রতিবেদনে শাহ আলমের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা জিডি নেই বলে অবহিত করে পুলিশ। এরপরে আদালত থেকে তাকে মুক্তির আদেশ দেওয়া হয়।
গত শনিবার বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গেলে উপস্থিত লোকজন তাকে চিনতে পেরে বিক্ষোভ শুরু করেন। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে স্থানীয়রা রমনা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আদালত প্রতিবেদক