এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উদ্বোধন, দ্রুত সনদ বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ উদ্বোধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী ৬৪ জেলা, ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আজ সোমবার (৬ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা এবং জাতির সঙ্গে গাদ্দারি করেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যেভাবে জনগণ অতীতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, একইভাবে বর্তমান সরকারের বিরুদ্ধেও গণআন্দোলন গড়ে উঠবে।
জুলাই গণ-অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল, তা দেশের মানুষ জানে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এখন কেউ লন্ডন থেকে, কেউ সিলং থেকে এসে নেতৃত্বের দাবি করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তবে সেই নেতৃত্বের দাবিও ছেড়ে দিন।
জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ, সীমান্ত হত্যা রোধ, বিদ্যুৎ সংকট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকার মাদক সমস্যাই নিয়ন্ত্রণ করতে পারছেন না। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের পর শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুকসহ সব শহীদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মহাসচিব সংসদ সদস্য আখতার হোসেন ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার, জাতীয় ছাত্রশক্তি গাজীপুর জেলা শাখার মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্রসহ জেলা, উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।

নাসির আহমেদ, গাজীপুর
এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)