জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে ধার্য করা বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এই দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশের পাশাপাশি উপাচার্য ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি।
আজ বুধবার দুপুরে উপাচার্য অফিসে না থাকায় তাঁর সচিব (ডেপুটি রেজিস্ট্রার) মো. আমজাদ হোসেন স্মারকলিপিটি নেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ফ্রন্ট নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে আসেন এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, এই ধরনের ফি আরোপ পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্রের পরিপন্থী। তিনি প্রশ্ন রেখে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাহলে কারা পড়বে যাদের মেধা আছে না যাদের টাকা আছে? জনগণের আন্দোলন ও টাকায় গড়া বিশ্ববিদ্যালয়ে কি তাহলে দরিদ্র পরিবারের সন্তানেরা পড়বে না?
বিভাগ উন্নয়ন ফিকে সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ দাবি করে অবিলম্বে এ ফি বাতিলের দাবি জানান তিনি। দাবি না মানা হলে আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন তিনি। এরপরও এ ফি বাতিল না হলে ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ব্যাংক ঘেরাও করে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়ায় বাধা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক।

জাবি সংবাদদাতা