জাহাঙ্গীরনগর থিয়েটারের তিন যুগ পূর্তি উৎসব শুরু
‘দৃষ্টিজুড়ে স্বপ্নশিখর, যুগান্তরের গান’ এই স্লোগানকে ধারণ করে শনিবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘তিন যুগ পূর্তি উৎসব- ২০১৬’। ১১ দিনব্যাপী এ উৎসব ৬ ফেব্রুয়ারি শনিবার শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উৎসবের আহ্বায়ক ও সংগঠনটির সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান।
আজ শনিবার উদ্বোধনীর দিন প্রদর্শিত হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক ‘রতি আরতির গীত’। দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি রবিবার রয়েছে আগন্তুক রেপার্টরি প্রযোজিত নাটক ‘অন্ধকারে মিথেন’। পরের দিন ০৮ ফেব্রুয়ারি সোমবার মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘ট্রেন টু পাকিস্তান’। উৎসবের চতুর্থ দিন ০৯ ফেব্রুয়ারি মঙ্গলবার মঞ্চস্থ হবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রযোজনায় মাইমোড্রামা ‘লাইট ভার্সেস ডার্কনেস’। ১০ ফেব্রুয়ারি বুধবার মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘কিত্তনখোলা’।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘মুল্লুক’, সপ্তম দিন ১২ ফেব্রুয়ারি শুক্রবার থাকছে পুনর্মিলনী এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘সম্রাট জোন্স। ১৩ ফেব্রুয়ারি শনিবার মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক ‘পঞ্চ নারী আখ্যান’। ১৪ ফেব্রুয়ারি রবিবার রয়েছে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘মধ্যরাতের গান ও কবিতা’। ১৫ ফেব্রুয়ারি সোমবার রয়েছে দক্ষিণ জামশা গ্রামবাংলা নাট্য সংস্থা প্রযোজিত যাত্রাপালা ‘কলঙ্কীনি বধু’। এ ছাড়া উৎসবের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিচ্ছা’।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের উৎসবে শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে রাশেদা কে. চৌধুরী এবং নাট্য বক্তিত্ব হিসেবে আলী যাকেরকে জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠানমালা শুরু হবে।

জাবি সংবাদদাতা