পাখি সরাসরি আমাদের উপকার করে
‘বাংলাদেশের পাখি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পাখি সরাসরি আমাদের উপকার করে। পাখি শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, উদ্ভিদের সার জোগান থেকে শুরু করে বনভূমির পোকা নিয়ন্ত্রণ করে আমাদের পাখি।’
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরকত স্মৃতি সংগ্রহশালার ফ্রেপড মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।
এ ছাড়া পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, ঢাবি পরিবেশ সংসদের সভাপতি সাব্বির হাসান, পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন রেজা রাসেলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাখিপ্রেমী শিক্ষার্থীরা সভায় অংশ নেন।
ইনাম আল হক বলেন, ‘আমাদের অক্সিজেন যে রক্ষা করে (গাছ), তাকে রক্ষা করে পাখি।’ তিনি বলেন, ‘আমাদের দেশে বড় বড় জলাশয়ে কে গাছ লাগায়? সেটা এই পাখি। হাঁস ও অন্যান্য পাখি জলাশয়ে যে মল ত্যাগ করছে, তা নাইট্রোজেন সার।’
পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘আমাদের দেশের প্রাকৃতিক বন সংরক্ষণের দিকে সবাইকে আন্তরিক হতে হবে। তাহলে আমাদের পাখি রক্ষা পাবে।’
সভাপতি সাব্বির হাসান বলেন, ‘যেসব পাখি বিলুপ্ত, সেগুলো তো আর নেই। তবে যেগুলো বিলুপ্তপ্রায়, সেগুলো সংরক্ষণের উদ্যোগ নিতে হবে সকলকে।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা