নেপাল ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী
গত বছরের এপ্রিলে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের আলোকচিত্র নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে জহির রায়হান মিলনায়তনে চলছে এই প্রদর্শনী।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রদর্শনীটির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন।
নেপালে ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই সেখানে ছুটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অতিথি শিক্ষক স্টিফেন টি. একার্ড। ভূমিকম্প-পরবর্তী নেপালের বিভিন্ন ধ্বংসস্তূপের অসংখ্য ছবি তুলেছিলেন তিনি।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর আগেকার ছবি এবং ভূমিকম্প-পরবর্তী ছবির তুলনামূলক বিশ্লেষণের চেষ্টা করেছেন তিনি। এ ছবিগুলো দেখলেই সে ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়।
এ প্রসঙ্গে স্টিফেন বলেন, ‘ধ্বংসস্তূপে পরিণত হওয়া নেপাল বর্তমানে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ভূমিকম্প সহনশীল বাড়িঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নেপালকে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় সহযোগিতা করছে। সে দুর্যোগে পাশে দাঁড়ানোয় নেপালের মানুষের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা আরো সুদৃঢ় হয়েছে।’
প্রদর্শনী উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক অসিত বরণ পাল, জুলকারনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জাবি সংবাদদাতা