পরীক্ষার দিনও পরীক্ষার সুযোগের দাবিতে আমরণ অনশন
৬০ শতাংশ উপস্থিতি না থাকায় (ডিসকলিজিয়েট) বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের ১০২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে না। পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবিতে ওই শিক্ষার্থীরা আজ সোমবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন।
আজ সকাল সাড়ে ৯টা থেকে আইন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। কিন্তু অনুমতি না পাওয়ায় আজো আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের সামনে আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এর আগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাঁরা এ কর্মসূচি পালন শুরু করেন।
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ আজ সকালে এনটিভি অনলাইনকে বলেন, ‘আগের সিদ্ধান্ত ও কর্মসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ এর আগে গতকাল রোববার তিনি বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে আমি তাদের পরীক্ষার সুযোগ করে দিতে পারি না।’
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সকাল থেকে বিভাগীয় সভাপতির কক্ষের সামনে অবস্থান করছেন। তাঁরা কক্ষের সামনে শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁরা বলছেন, ‘পরীক্ষা নিতে হলে তাঁদের বুকের ওপর দিয়ে হেঁটে গিয়ে পরীক্ষা নিতে হবে।’ পরীক্ষা দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত সভাপতির কক্ষের সামনেই অবস্থান করবেন বলে জানান তাঁরা।
আইন বিভাগ সূত্রে জানা যায়, প্রথম বর্ষের ১২৬ জনের মধ্যে ৫৭ শিক্ষার্থী ডিসকলিজিয়েট (৬০ শতাংশের নিচে উপস্থিতি) হয়েছেন। ফলে এই ৫৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তাই তাঁদের পুনরায় প্রথম বর্ষে ভর্তি হয়ে ক্লাস করতে বলেছে বিভাগ।
একই কারণে আগামী ১৫ মার্চে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না ওই বর্ষের ১৪০ জনের মধ্যে ৪৫ শিক্ষার্থী। বিভাগের চেয়ারম্যানকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় আছেন।

রাবি সংবাদদাতা