রাবিতে বৈশাখে ব্যাগ-যানবাহন চলাচল নিষিদ্ধ
নিরাপত্তার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে ক্যাম্পাসের ভেতরে ব্যাগ বহন ও সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটসহ চারটি গেট দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান।
আজ বুধবার সন্ধ্যায় প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ফটক, চারুকলা গেট, মাজার গেট ও বধ্যভূমি গেট দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। ওই সব গেট দিয়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে।’
ফটক শুধু বের হওয়ার কাজে ব্যবহার করা হবে। বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে গাড়ি নিয়ে সবাই প্রবেশ করতে পারবে। তবে সেই গাড়ি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ও জুবেরী মাঠে নিজ দায়িত্বে রাখতে হবে বলে জানিয়েছেন প্রক্টর মজিবুল হক।
প্রক্টর আরো বলেন, ‘ওই দিন যেহেতু ক্যাম্পাসে বাইরের অনেক লোক আসবে তাই সব দিক বিবেচনা করে কোনো প্রকার ব্যাগ না আনতে সবাইকে বলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় মাইকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যদি কেউ ব্যাগ নিয়ে প্রবেশ করে তাহলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুঁজে দেখবে।’
রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব গেটেই পুলিশের সার্বক্ষণিক টহল থাকবে।’

রাবি সংবাদদাতা