হামলায় ‘মদদ’, জাবি প্রক্টরের পদত্যাগ দাবি
অর্ধদিবস হরতাল পালনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের প্রত্যক্ষ মদদ আছে বলে দাবি করেছে তিন সংগঠন। এ অভিযোগে অবিলম্বে প্রক্টরের পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওই তিন সংগঠন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠন তিনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু। তিনি বলেন, ‘আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের গেটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবুজসংকেত ছাড়া এ ধরনের কোনো হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে না। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি যে, ঘটনার সময় প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা কর্মকর্তা নীরব ভূমিকায় ছিলেন। যা তাদের দায়িত্বে অবহেলার নামান্তর। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রদের নিরাপত্তা দিতে সর্বোতভাবে ব্যর্থ হয়েছেন এবং তাঁর প্রক্টর থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এ অবস্থায় আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি।’
সংবাদ সম্মেলনে প্রক্টরের অপসারণ দাবিতে আগামী ২৬ এপ্রিল বিক্ষোভ মিছিলসহ রেজিস্ট্রার ভবন ঘেরাও এবং উপাচার্যকে স্মারকলিপি প্রদান, ২৬ এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনের পর রাত ৮টার দিকে ছাত্রজোটের নেতাকর্মীরা প্রক্টরের পদত্যাগ দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রান্সপোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় আন্দোলনকারীদের মারধর ও আটক করার ঘটনায় প্রক্টরের মদদ রয়েছে অভিযোগ তুলে প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের ফটক বন্ধ করে অবস্থান নেন ছাত্রজোট নেতাকর্মীরা। দুপুর আড়াইটা পর্যন্ত অবস্থান অব্যাহত রাখেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়েরসহ সব প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাসহ দেশব্যাপী ঘটতে থাকা অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে আজ সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ১২ জনকে আটক করে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় ২০ শিক্ষার্থী আহত হন।
আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও সাভার এনাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়েছে। আটক হওয়া ১২ নেতাকর্মীকে বিকেলে ছেড়ে দেয় আশুলিয়া থানা।

জাবি সংবাদদাতা