‘বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়’
সুন্দরবনের কোল ঘেঁষে রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বন্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রজোট।
‘রামপাল চুক্তি ছুড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো’, ‘সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দিব না’- এ রকম বিভিন্ন স্লোগানে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরোনো কলাভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রজোট নেতা ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘আমরা বিদ্যুৎকেন্দ্র চাই। কিন্তু সেটা দেশের ক্ষতি করে নয়। রামপাল ছাড়াও দেশের ভেতর অনেক জায়গা আছে যেখানে এ ধরনের প্রকল্প করা যাবে। কিন্তু দ্বিতীয় আরেকটি সুন্দরবন কখনোই করা যাবে না।’
সমাবেশে অন্য নেতারা অবিলম্বে এ প্রকল্প বাতিলের দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাশুক হেলাল অনিক, সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসভাপতি ইমরান নাদিম প্রমুখ।

জাবি সংবাদদাতা