‘ইসলাম সন্ত্রাস সমর্থন করে না’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপউপাচার্য ড. শাহিনুর রহমান বলেছেন, ‘ইসলাম ধর্ম কখনোই সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। গুলশান ও শোলাকিয়ায় সংঘটিত সন্ত্রাসী ও জঙ্গি হামলার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আজ সোমবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভায় উপ-উপাচার্য এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জঙ্গিবিরোধী শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ড. শাহিনুর রহমান বলেন, ইবি ক্যাম্পাস সন্ত্রাস ও জঙ্গি মুক্ত রাখতে চাই। এজন্য নিজ নিজ অবস্থান থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
উপউপাচার্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা অবশ্যই পাঠদানকালে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যে ভয়াবহতা তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফের সভাপতিত্বে এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের সহকারী পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. আবুল আহসান চৌধরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইবি সংবাদদাতা