নাশকতা মামলায় রাবির পাঁচ শিক্ষার্থী জেলহাজতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা ফজলুল হক হলের পাঁচ শিক্ষার্থীসহ হলের ইমামকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
ঘটনার কথা জানিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃত সবাই ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। এঁরা হলেন ক্রপ সায়েন্স বিভাগের মাস্টার্সের ফাহাদুল ইসলাম, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের মোস্তাক আহমেদ, ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মুরাদ, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ইউসুফ আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের মেহেদি হাসান এবং শের-ই-বাংলা হল মসজিদের ইমাম ছানাউল্লাহ (৫৫)।
এ ছাড়া গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে আটক উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজিবুল হাসান সৈকতকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
গতকাল শনিবার বিকেলে শের-ই-বাংলা ফজলুল হক হলে তল্লাশি চালিয়ে শিবির সন্দেহে মসজিদের ইমামসহ ১৪ জনকে আটক করে মতিহার থানা পুলিশ। এ সময় হল মসজিদ থেকে শিবিরের সাংগঠনিক বই, নথি ও ডায়েরি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

রাবি সংবাদদাতা