জাবিতে তারেক রহমানের জন্মদিন উদযাপিত
বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৫২ তম জন্মদিন উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে দোয়া ও কেক কাটার মাধ্যমে তারেক রহমানের জন্মদিন পালন করেন বিএনপি-সমর্থক শিক্ষকরা।
ওই সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ মোহাম্মাদ কামরুল আহছান। তিনি বলেন, আজ যখন বিএনপি সাধারণ জনগনের আশা ভরসার প্রদীপ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই জিয়া পরিবারের ওপর নেমে এসেছে অমানবিক ও অরাজক নির্যাতন। এর মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সম্পাদক অধ্যাপক শামছুল আলম সেলিমও সংক্ষিপ্ত বক্তব্য দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, ড. নজরুল ইসলাম প্রমুখ।

জাবি সংবাদদাতা