বাউবির পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি চূড়ান্ত
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চম সমাবর্তন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাউবির উপাচার্য অধ্যাপক এম এ মাননানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধ্যক্ষ মো. আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া, গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক এম এ মাননান জানান, সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ১৯ ডিসেম্বর বিকেলে বাউবি ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
সমাবর্তনে বক্তব্য দেবেন কমনওয়েলথ অব লার্নিংয়ের (কানাডা) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তনে বাউবির পাঁচটি স্কুলের পাঁচ হাজার ১২ জন গ্র্যাজুয়েট নিবন্ধিত হয়েছেন।
এ সময় উপাচার্য জানান, বাউবির শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্লাসে না গিয়েও শিক্ষার্থীরা বাসায় বসে এলএমএস (ই-লার্নিং সাইট), ভাইবার, ফেসবুকসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উপকরণের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রশ্ন করে তার উত্তর জেনে নিতে পারবে।
এক সময় বাউবির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নকল হওয়ার অভিযোগ ছিল। কিন্তু বাউবি এখন সেই বদনাম থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছে বলেও দাবি করেন উপাচার্য।

নাসির আহমেদ, গাজীপুর