ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদি এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এতে আরও বলা হয়, এ পরিপ্রেক্ষিতে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এনটিভি অনলাইন ডেস্ক