ঢাবির বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. আবদুস সালাম বলেন, বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় এ পরীক্ষা শুরু হতে পারে। এর আগে বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সময় জানিয়ে দেওয়া হবে।
ঢাবির সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল শনিবার বিজ্ঞান অনুষদের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়।
ঢাবি সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান অনুষদের বিষয়গুলোতে মোট এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ১৪ হাজার ১০৩টি। এতে আসনপ্রতি ভর্তি পরীক্ষায় বসছেন ৬২ জন।

এনটিভি অনলাইন ডেস্ক