দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তার ভাগ্নির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ী সদর হাসপাতালে তাদের মরদেহ শনাক্ত করা হয়।
এর আগে গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেলে রাইয়ানের মায়ের মৃত্যু হয়। একই বাসে রাইয়ান, তার মা, বড় বোন ডা. সাবা ও ছোট ভাগ্নি ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার সময় ডা. সাবা কোনোক্রমে বাস থেকে বের হতে পারলেও রাইয়ান, তার মা ও ভাগ্নি ভেতরে আটকা পড়েন।
নিহতের মামা আওয়াল আনোয়ার জানান, বুধবার দুর্ঘটনার পর থেকেই রাইয়ান ও তার ভাগ্নি নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাকবলিত বাসটি নদী থেকে টেনে তোলার পর ভেতর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
জাবির অর্থনীতি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাইয়ান আমাদের ৪৯তম ব্যাচের অত্যন্ত মেধাবী ও প্রাণোচ্ছল শিক্ষার্থী ছিল। বিভাগের সাংস্কৃতিক ও ব্যাচভিত্তিক সকল কার্যক্রমে সে অত্যন্ত সক্রিয় থাকত। কিছুদিন আগেই সে তার বাবাকে হারিয়েছে, এখন তার ও তার মায়ের এমন মৃত্যু পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়