রূপসার মোহনা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
খুলনার রূপসা উপজেলার রুপসা ও আঠারোবেকি নদীর মোহনা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা প্রথমে একটি মরদেহ ভাসতে দেখে। পরে ভাটার কারণে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পায় তারা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় পাওয়া গেছে। একজনের নাম মেহেদী হাসান সোহাগ, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি রূপসার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। তিনি জেলখানা ঘাটের মাঝি ছিলেন। অপরজনের নাম রেজাউল করিম, বয়স আনুমানিক ৩০ বছর। তার বাবার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহ দুটির শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা