রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ শিক্ষকের বিরুদ্ধে পাঁচ সদস্যের অনুসন্ধান/ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম।
গতকাল বুধবার (৫ আগস্ট) রাবি উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলামের নির্বাহী (অফিস) আদেশে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।
ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
ড. ইফতিখারুল আলম মাসউদ আরও বলেন, একটি অনলাইন পত্রিকায় ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে রাবির ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের নাম আংশিক বা ডাকনামে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি প্রকৃত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করবে। এরপর তাদের শোকজ করা হবে। এরপরই ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। প্রতিবেদনে অনেক শিক্ষকের আংশিক নাম ও ডাকনাম ব্যবহার করা হয়েছে। সঠিক ব্যক্তিদের শনাক্ত করতেই আজ পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়