ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পাস করেছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ।
অপরদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ, সিলেট ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুর ৫৮.০৫ শতাংশ, ময়মনসিংহ ৫৭.৩৯ শতাংশ, কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার তুলনামূলকভাবে বেশি। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৯ শতাংশ এবং ছাত্রীদের ৮০ দশমিক ৯০ শতাংশ।
মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ। অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশ কেন্দ্রের মধ্যে একটিতে কেউই পাস করেনি।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।

নিজস্ব প্রতিবেদক