পাবনা ক্যাডেট কলেজের ৫২ ক্যাডেটই জিপিএ ৫ পেয়েছে
পাবনা ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারও চমক দেখিয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকেই জিপিএ ৫ পেয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৫০ জন গোল্ডেন জিপিএ ৫। আর দুজন জিপিএ ৫ পেয়েছে।
পাবনা ক্যাডেট কলেজের এই ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।
এ ছাড়া পাবনার স্কয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছেন ৩৮ জন। পাসের হার শতভাগ। পাবনা জিলা স্কুল থেকে ২৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৩৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১৪২ জন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৪০ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১৭৯ জন।
পাবনায় এবারে এসএসসি পরীক্ষায় এক হাজার ৯২৮ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। জেলায় নয় উপজেলায় ২৫ হাজার ২৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৫ হাজার ৩৪৪ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় পাসের হার ৬০ দশমিক ৮৪ শতাংশ।

এ বি এম ফজলুর রহমান, পাবনা