এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক
এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থী জাকিয়া সুলতানা ইভা। সে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এক হাজার ২৫০ নম্বরের মধ্যে এক হাজার ২১৭ নম্বর পেয়ে এ অনন্য কৃতিত্ব অর্জন করেছে সে। তার স্বপ্ন আগামীতে মেডিকেলে পড়ে মানবিক চিকিৎসক হওয়া।
জাকিয়া সুলতানা ইভা দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের সন্তান। তার বাবা মোহাম্মদ জামাল হোসেন ও মা শাহিনুর আকতার—উভয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মা-বাবার নিরবচ্ছিন্ন অনুপ্রেরণা, বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং নিজের অধ্যবসায়ের ফলেই এ অর্জনে পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইভা।
নিজের ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনা সম্পর্কে জাকিয়া সুলতানা ইভা বলে, ‘ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হতে চাই। চিকিৎসাসেবাকে মাধ্যম করে আজীবন মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।’
মেয়ের এ ফলাফলে আবেগপ্লুত বাবা মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘এই কৃতিত্ব শুধু আমাদের একার পরিবারের নয়, পুরো দেবিদ্বারের শিক্ষাঙ্গনের জন্য গর্বের। ইভার এই সফলতা উপজেলার অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে। আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ইভাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জাকিয়ার এই অবিস্মরণীয় সাফল্যে বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা ও নিয়মিত পরিশ্রমের এই স্বীকৃতি ভবিষ্যৎ পথচলায় আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।’

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)