আন্তর্জাতিক ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন চুয়েটের তরুণরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের নিয়ে গঠিত রেসিং দল ‘ব্লিৎজার চুয়েট’ আন্তর্জাতিক পর্যায়ের ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের তরুণ প্রকৌশলীদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চায় দলটি।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ব্লিৎজার চুয়েট একটি পূর্ণাঙ্গ রেসিং দল। প্রতিযোগিতার জন্য গাড়ির নকশা, নির্মাণ ও পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন দলের সদস্যরা। গাড়ির নকশা, বায়ুগতিবিদ্যা, ইঞ্জিন ও শক্তি ব্যবস্থা, চাকা ও ভারসাম্য ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা এবং নির্মাণপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন তারা।
দলের সদস্য আসহাব সিফাত বলেন, ফর্মুলা স্টুডেন্ট শুধু রেসিং প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞান বাস্তবে প্রয়োগ করে দক্ষতা অর্জনের বড় সুযোগ। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও তারা গাড়ি নকশা ও নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে আন্তর্জাতিক ফর্মুলা স্টুডেন্ট অঙ্গনে প্রতিনিধিত্ব করাই তাদের লক্ষ্য।
আরেক সদস্য আহনাফ তাজওয়ার ওহী বলেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তার ঘাটতি দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সহযোগিতায় এগিয়ে এলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও শক্তিশালীভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

এনটিভি অনলাইন ডেস্ক