মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, স্বজনদের সন্ধান চায় হাইকমিশন
মালয়েশিয়ায় মারা যাওয়া এক বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে তার স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ হাইকমিশন। গত ২৫ জুলাই দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বাংলাদেশি মারা যান।
নিয়োগকর্তার দেওয়া পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম দীন মোহাম্মদ। তার বাবার নাম আব্দুল হক। পাসপোর্টে ঠিকানা উল্লেখ করা হয়েছে—রাজাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা।
দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে দীন মোহাম্মদের মরদেহ কুয়ালালামপুর হাসপাতালে সংরক্ষিত রয়েছে। মরদেহ দেশে পাঠানোর জন্য বাংলাদেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও পাসপোর্টে দেওয়া তথ্যের ভিত্তিতে এখনও পর্যন্ত তার সঠিক ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে তার পরিবারের সদস্য বা নিকট আত্মীয়দেরও সন্ধান পাওয়া যায়নি।
এ কারণে মরদেহ দেশে পাঠানো কিংবা মালয়েশিয়ায় স্থানীয়ভাবে দাফনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ায় বসবাসরত কোনো প্রবাসী বাংলাদেশির কাছে দীন মোহাম্মদ বা তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দ্রুত বাংলাদেশ হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মরদেহের পরিচয় ও স্বজনদের সন্ধান পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়ায় মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া