২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব
২০২৭ সালের পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের হজ প্রতিনিধিদল ও দপ্তরগুলোর সঙ্গে আগাম প্রস্তুতিমূলক বৈঠক শুরু করেছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। সমন্বয় বৃদ্ধি, হজযাত্রীদের যাতায়াত সহজীকরণ এবং সেবার মান বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের সঙ্গে এই প্রাথমিক আলোচনা চালানো হচ্ছে।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহর নির্দেশনার আলোকে প্রস্তুত করা প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবেই এই সমন্বয় সভাগুলোর আয়োজন। বৈঠকে প্রতিটি দেশের হজ পরিচালনা সংক্রান্ত মূল নির্দেশাবলী, নিয়মকানুন ও বাস্তবায়ন পরিকল্পনা গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের হজ দপ্তরগুলোর চাহিদা ও প্রশ্নপত্রের আলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে যাবতীয় চুক্তি ও ব্যবস্থা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি সরকারের এই দূরদর্শী পদক্ষেপ ‘সৌদি ভিশন ২০৩০’ এবং ‘হজযাত্রী অভিজ্ঞতা কর্মসূচি’র লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে আসা হজযাত্রীরা যেন পূর্ণ স্বাচ্ছন্দ্য, নিখুঁত নিরাপত্তা ও মানসিক প্রশান্তির সাথে তাদের পবিত্র ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করতে পারেন।
এদিকে, হজের সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনার অংশ হিসেবে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল সম্প্রতি জেদ্দা এয়ারপোর্টস কোং-এর সিইও মাজেন জোহরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক উমরাহ ও হজ মৌসুমের পরিচালনগত সাফল্য, যাত্রীদের সেবা বৃদ্ধিতে নেওয়া উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে জানানো হয়, যাত্রীদের সেবা প্রদানে জেদ্দা বিমানবন্দর অভূতপূর্ব রেকর্ড গড়েছে। চলতি ২০২৬ বছরের শুরু থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এই বিমানবন্দরটি এক লাখ ৬৯ হাজার ৯০০টি ফ্লাইটে প্রায় দুই কোটি ৮৫ লাখ ৫০ হাজার যাত্রীকে সফলভাবে সেবা দিয়েছে।

কামাল পারভেজ অভি, মক্কা